সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

নির্বাচন ২০২৬ ও বামপন্থীদের ভাবনার বিশ্লেষণ

নির্বাচন ২০২৬ ও বামপন্থীদের ভাবনার বিশ্লেষণ

মানুষ, বিশেষ করে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণি তৃণমূল সরকারের বিরুদ্ধে ভীষণভাবে ক্ষুব্ধ। খুব্ধ হওয়ার নিশ্চিত কিছু কারণও রয়েছে। এই কারণে মধ্যবিত্ত শ্রেণি তৃণমূলের পক্ষ ত্যাগ করার কথা ভাবছে। ফলে বামপন্থীদের সমর্থন বাড়ছে। অন্য দিকে এই সুযোগে বিজেপিও ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। এখন এভাবে বামপন্থীরা যদি তাদের হারানো ভোট ফিরে পেতে শুরু করে, যা তৃণমূলের দিকে গিয়েছিল, তাহলে তৃণমূল সরকার নিশ্চিতভাবেই বিপদে পড়বে। সুতরাং সরকারি দল তৃণমূল খুব ভালো জায়গায় নেই। তবে হারবেই একথা নিশ্চিত করতে হলে বামপন্থীদের গুরুদায়িত্ব নিতে হবে। সে বিষয়ে পরে আসছি।

তৃণমূলের একমাত্র ভরসা খেঁটে খাওয়া মানুষের সেই অংশ, যারা শিক্ষা-দীক্ষায় এগোতে পারছেন না, মানুষ হিসেবে তাদের অধিকার কতটা, সে সম্পর্কে যাদের সম্যক ধারণা বা চেতনা নেই, তারা। এই শ্রেণির মানুষের কাছে বিভিন্ন প্রকার ভাতা পাওয়াটা, তাদের ‘চাওয়ার’ চেয়েও অনেক ‘বেশি পাওয়ার’ সামিল। একথা অত্যন্ত সঠিক যে, ভাতা পাওয়াটা খেটে খাওয়া মানুষের একধরনের অধিকার। কারণ, 
১) দেশের সম্পদের সৃষ্টি ও তাকে সংহত করার কাজটা একমাত্র তারাই করে থাকেন। কিন্তু তার ন্যায্য মূল্য পাওয়ার নিশ্চয়তা আমাদের সমাজে ও রাষ্ট্র ব্যবস্থা তাদের দেয় না। ওয়েলফেয়ার স্টেট বা কল্যানমুখী রাষ্ট্রচিন্তার উৎপত্তি এ কারণেই। 
২) ঠিক একারণেই আমেরিকা সহ ইউরোপের প্রায় প্রত্যেক দেশ ধনতান্ত্রিক দেশের সরকার গরীব ও মধ্যবিত্তদের এই ধরনের ভাতা দিয়ে থাকে। কিন্তু তাদের এই ভাতা পাওয়ার অর্থ এটা নয় যে, এই অধিকার পাওয়ার বিনিময়ে শাসকের দুর্নীতিকে তাদের মেনে নিতে হবে, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার বিষয়টি উপেক্ষা করতে হবে। বামপন্থীদের দায়িত্ব হল এই বিষয়টি যুক্তি, তথ্য ও বাস্তব উদাহরণ সহ এই সব খেটে খাওয়া মানুষের কাছে পৌঁছানো।

আরও পড়ুন : সরকারি অনুদান ও খেটে খাওয়া মানুষের কর্তব্য

এই পরিস্থিতিতে মধ্যবিত্ত কোন দিকে ঝুকবেন সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। একাংশ ভাবছেন, যেই আসে আসুক, তৃণমূল যাক। তৃণমূল যাক — এটা নিয়ে কোনো বিতর্ক থাকার কথা নয় কোনো বামপন্থীদের কাছে। কিন্তু ‘যে-ই আসে আসুক’ কথাটা বিপজ্জনক। ঠিক এই বয়ান শোনা গিয়েছিল ২০১১ সালের আগে। ‘যে-ই আসে আসুক, তবুও বামপন্থীরা যাক’, ‘এর চেয়ে আর কত খারাপ হবে তারা’, ‘দরকার হলে পাঁচ বছর পর আবার পাল্টে দেবো’— এই সব শ্লোগান যে কতটা বিপদজনক ও নির্বুদ্ধিতায় ভরা ছিল, যা তখন পোড় খাওয়া বামপন্থীরা বুঝলেও, বামপন্থী সমর্থকদের অনেকই তা বোঝেননি। এখন তারা হাড়ে হাড়ে টের (দেখতে) পাচ্ছেন ভুলটা তারা কোথায় এবং কতটা করেছিলেন।

এই বামপন্থী সমর্থকরা যদি একই ভুল আবারও করেন, তাহলে তা ‘বাঙালির দুর্ভাগ্য’ বলা ছাড়া অজুহাত দেওয়ার মতো অন্য কোনো শব্দবন্ধ অবশিষ্ট থাকবে না।

এক্ষেত্রে মনে রাখতে হবে, ১) এই সুযোগকে কাজে লাগিয়ে বামপন্থীরা যদি প্রথম স্থান, কিম্বা অন্ততপক্ষে দ্বিতীয় স্থানে না আসতে পারে, ২) অথবা সেই ফাঁকা জায়গায় বিজেপির আসাকে যদি তারা আটকাতে না পারে, আমার ধারণা, বামপন্থীরা ভয়ংকর ভাবে ক্ষতিগ্রস্থ হবে। কারণ, মনে রাখতে হবে —

১) বিজেপির প্রধান শত্রু তৃণমূল নয়, বামপন্থীরা। কারণ পৃথিবীজুড়ে যে রাজনৈতিক লড়াই সংঘটিত হয় বা যুগ যুগ ধরে চলে আসছে, তা মোটেই ধর্মকেন্দ্রিক নয়। এটা দেশ ও পৃথিবীজুড়ে সম্পদের উপর কাদের নিয়ন্ত্রণ থাকবে, তা নিশ্চিত করার লড়াই। সুতরাং এ লাড়াই মোটেও ধর্মীয় নয়, অর্থনৈতিক লড়াই। আরও খুলে বললে, সম্পদের মালিকানা কার কাছে থাকবে, যারা সম্পদ সৃষ্টির মূল কারিগর, সেই শ্রমজীবী মানুষের কাছে, না সমাজের উঁচু তলায় বসে শাসনের নাম করে দেশ প্রেমের কান্ডারী সেজে থাকা গুটিকতক মানুষ, যারা সম্পদ সৃষ্টিতে কায়িক ও বৌদ্ধিক পরিশ্রম ছাড়াই রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে সেই সম্পদের উপর সর্বৈব ও অবৈধ নিয়ন্ত্রণ কায়েম করতে চায়, তাদের কাছে। 

এই প্রশ্নে পৃথিবী জুড়ে রাজনৈতিক দলগুলো বিভিন্ন নামে থাকলেও তারা প্রধানত দুটি ভাগে বিভক্ত হয়ে আছে। এই দুই পক্ষের মধ্যে কেউ চরমপন্থী, আবার কেউ নরমপন্থী। প্রথম পক্ষের হয়ে যারা কাজ করে, তাদের বলা হয় বামপন্থী আর দ্বিতীয় পক্ষের হয়ে যারা কাজ করে, তারা ডানপন্থী। তৃণমূল ও বিজেপি উভয়েই ডানপন্থায় বিশ্বাসী। এক্ষেত্রে বিজেপি চরমপন্থী আর তৃণমূল হল নরমপন্থী। আর তাদের মধ্যে যে বিরোধ, তা আসলে ভাইয়ের সঙ্গে ভাইয়ের বিরোধের মতো। ঝগড়াঝাটি হলে রাগ করে এ ভাইয়ের সংসার ছেড়ে ও ভাইয়ের সংসারে যাওয়ার মতো। এক্ষেত্রে বাড়ি পরিবর্তন করলেও তাদের লক্ষ্য কখনও পরিবর্তিত হয় না। বামপন্থীরাও একইভাবে কেউ চরমপন্থী (মাওবাদী) কেউ নরমপন্থী (সিপিএম, সিপিআই ইত্যাদি)। 

অন্যদিকে ডানপন্থী ও বামপন্থীদের বিরোধটা খানিকটা দুই পাড়ার মাস্তানের মতো। কেউ এক চিলতে জমি ছাড়তে চায় না। কারণ তা ছাড়লেই তার অস্তিত্ব রক্ষার পক্ষে হুমকি হয়ে দাঁড়ায়। তাই শক্তিশালী মস্তান প্রয়োজন পড়লে অন্যকে সরিয়ে দিতে ন্যায়, নীতি, বিচার, বিবেচনা, মানবাধিকার —কোনো কিছুরই তোয়াক্কা করে না। তেমনি নাগালের মধ্যে পেলে বামপন্থীদের তারা নিশ্চিহ্ন করে দেবে। তাই এই লাড়াই কোন মামুলি কিছু নয়। ইতিহাস অন্তত জোরের সঙ্গে এর সপক্ষে সাক্ষ্য দিচ্ছে।

এখন ডানপন্থিরা যেহেতু অল্প সংখ্যক এবং সুবিধাবাদী মানুষের পক্ষে কাজ করে, তাই সাধারণ মানুষের কাছে তাদের তেমন কিছু বলার থাকে না। কারণ, সাধারণ মানুষের অধিকারের জন্য তারা লড়াই করে না। আর এ কারণেই তাদের ছদ্মবেশ নিতে হয়। এই ছদ্মবেশের জন্য সবচেয়ে উপযুক্ত মাধ্যম বা অস্ত্র হল ধর্ম। মিশরের আখেনাটেন থেকে রোমান সম্রাট কনস্টানটাইন হয়ে মধ্যপ্রাচ্যের মুসলিম শাসক সহ ভারতের মৌর্য, গুপ্ত, এবং বাংলার সেন রাজারা —প্রায় প্রত্যেক শাসকেরা একইভাবে ধর্মকে ব্যবহার করেছেন সম্পদের উপর নিয়ন্ত্রণ কায়েম করার জন্য। কিন্তু ইউরোপীয় নবজাগরণ ও ফরাসি বিপ্লবের হাত ধরে ইউরোপ এই পরম্পরা থেকে মুক্ত হয়। দেশে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্ম হয়। ব্রিটিশের হাত ধরে তা ঢুকে পড়ে ভারতেও। সাধারণ মানুষ কিছুটা হলেও রাজনৈতিক, সামাজিক ও আর্থিক ব্যবস্থায় অংশগ্রহণের সুযোগ পায়। যার ফলশ্রুতিতে আমাদের সংবিধানের জন্ম। 

বিজেপি এবং তৃণমূল আবার এই দেশের রাষ্ট্র কাঠামোর মধ্যে ধর্মকে যুক্ত করেছে। ধর্মকে ভালোবেসে নয়, সচেতনভাবে ধর্মকে তারা ব্যবহার করছে সেই একই উদ্দেশ্যে। আর তা হল সম্পদের ওপর মুষ্টিমেয় কিছু মানুষ যারা হয় শাসক এবং শাসকের চারপাশ ঘিরে থাকা কিছু সুবিধাভোগী মানুষের নিয়ন্ত্রণ কায়েম করতে।

এদের দ্বিতীয় মাধ্যম হল ইলেকট্রনিক মিডিয়া। তাই তারা সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় ভাবাবেগকে উস্কে দিয়ে ক্ষমতার অলিন্দে পৌঁছাতে চান, দেশের সম্পদের উপর নিজেদের নিয়ন্ত্রণ কায়েম করতে। তাই ধর্মের প্রতি তাদের ‘প্রেম’ জেগে ওঠে। আর এই প্রেম ছড়ানোর কাজে এরা কর্পোরেট মিডিয়াকে ব্যবহার করে। মিডিয়া তার নিজের শ্রেণির স্বার্থ রক্ষার্থেই কাজ করবে—এটাই স্বাভাবিক। কিন্তু অনেক বামপন্থীদের দেখা যায় মিডিয়া কেন নিরপেক্ষ নয়, তা নিয়েই ঘন্টার পর ঘন্টা আলোচনা (পড়তে পারেন ‘কান্নাকাটি’) করছেন। আসলে স্বাধীন ও নিরপেক্ষ মিডিয়া বলে যে প্রচার করা হয়, তা আসলে এক বড়ো ধরণের ধোঁকাবাজি, যা মানুষকে বোকা বানানোর জন্য ব্যবহার করা হয়।

এই ধোঁকাবাজি সম্পর্কে বামপন্থীরা শুধু মুখ খোলে নয়, সাধারণ মানুষকে সচেতন করে তোলার চেষ্টা করে। শুধু তাই নয়, সম্পদের উপর সম্পদ-সৃষ্টিকারীর অধিকারকে স্বীকৃতি দেওয়া ও তা কার্যকর করার চেষ্টা করে। আর এ কারণেই বামপন্থীরা ডানপন্থিদের চক্ষুশূল। ইতিহাসের পাতায় আমরা হিটলারকে ইহুদী হত্যাকারী হিসেবে দেখি। কিন্ত আমরা কয়জন জানি বা বলা ভালো, আমাদের জানান হয় যে, আসলে হিটলার সে সময়ে কমিউনিস্ট হত্যায় মেতে উঠেছিলেন। আর সেকারণেই ব্রিটিশ এবং ফরাসি সাম্রাজ্যবাদী শাসকেরা সেদিন চুপচাপ দাঁড়িয়ে থেকে হিটলারকে স্বৈরাচারী হতে দিয়েছিলেন। 

২) প্রকৃত বামপন্থীরা এই ধরনের পরিস্থিতি থেকে বাঁচতে যেটা করতে পারবে না, তৃণমূলের নেতাকর্মীরা সেটা নিমেষেই করে ফেলবে। অর্থাৎ জোড়া ফুলের অধিকাংশ পাঁপড়ি রঙ বদলে এবং ফুলের সংখ্যা কমিয়ে নিমেষেই এক ফুলে পরিণত হবে। তাই মনে রাখতে হবে, সবচেয়ে বেশি বিপদ বামপন্থীদেরই।

সুতরাং পাল্টে যাচ্ছে ভেবে বামপন্থীরা যেন আহ্লাদিত হয়ে না বসে থাকেন। কারণ, শুধু তৃণমূল নয়, মনে রাখতে হবে, তার চেয়েও কঠিন সময় এখন বামপন্থীরাই অতিক্রম করছেন। 

অন্যদিকে, একই সঙ্গে এই সময়টা বামপন্থীদের কাছে ঘুরে দাঁড়ানোর জন্য একটি দারুণ সুযোগও বটে। 

সুযোগ যে কারণে :

১) সুযোগ এই কারণে যে, দুর্নীতি, স্বজন-পোষণ আজ সীমাহীন চেহারা নিয়েছে এবং শিক্ষা ও প্রকৃত কর্মসংস্থানের প্রশ্নে এবং নারী সুরক্ষার ক্ষেত্রে তৃণমূল ভীষণভাবে ব্যর্থ। সুতরাং শিক্ষিত ও সচেতন জনগণ ক্ষুব্ধ।
২) নিম্নবর্গের মানুষ, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় এবং মতুয়া সম্প্রদায়ের বড় অংশই দুই ফুলের প্রতি আস্থা হারাচ্ছেন। কারণ, 
  • ক) বিজেপি মতুয়াদের ঠকিয়েছেন নাগরিকত্ব দেবেন বলে, আর তৃণমূল তাদের রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে ব্যর্থ হয়েছেন। শুধুমাত্র উত্তর ২৪ পরগনায় ৪ লক্ষ ৭৪ হাজারের মতো মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোটাধিকার বাতিল হয়েছে, যা প্রায় প্রত্যেক মতুয়া সম্প্রদায়ের পরিবারকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ছুঁয়ে গেছে।
  • খ) অন্যদিকে, তৃণমূল সংখ্যালঘুদের বৈধ অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়ে প্রকারান্তরে বিশ্বাসঘাতকতাই করেছে।
২) অন্যদিকে বিপদ যে কারণে, আজ বিজেপি যেভাবে পেছন থেকে ঢোকার চেষ্টা করছে, যা তারা অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ এবং সর্বশেষে বিহারে সফলভাবে প্রয়োগ করতে পেরেছে, বিজেপি শাসন ক্ষমতায় চলে এলে, তাদের এই ক্ষমতা ও সাফল্যের হার কমপক্ষে আরও ৫ গুণ বেড়ে যাবে। উত্তর ও উত্তর পশ্চিম ভারতের ব্রাহ্মণ্যবাদী মানুষের, বিশেষ করে বিজেপির নেতা-কর্মীদের বড় অংশের মধ্যে বহুকাল ধরে বয়ে চলা বাঙালি বিদ্বেষ যে ভয়ংকর চেহারা নেবে তা ঐতিহাসিক ও বর্তমান তথ্য ঘাঁটলে এমনই আশঙ্কার কথা স্পষ্ট হয়ে ওঠে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর যে অত্যাচার ও নির্যাতনের ঘটনা সামনে আসছে, তা এই আশঙ্কার কথাকে যৌক্তিক মোড়ক দিচ্ছে।

সুতরাং এখনি বামপন্থীদের বামফ্রন্টের ইস্তেহার নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। পাড়ায় পাড়ায়, নিজের এলাকার মোড়ে মোড়ে, ছোট ছোট কথামালা সাজিয়ে অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে, ধৈর্য সহকারে একান্ত আপন জনের মতো পাশে দাঁড়িয়ে দুই ফুলের গলাগলি এবং তাদের চরিত্রগত ‘আপাত পার্থক্য’ এবং ‘অন্তর্নিহিত মিল’ যা সাধারণ খেটে খাওয়া মানুষ এবং মধ্যবিত্তদের সর্বনাশের নীল নকশায় মোড়া, যা তারা দেখতে পারছেন না, তা স্পষ্ট করে তুলতে হবে।

এটা যদি বামপন্থীরা করতে না পারেন, কঠিন পরিস্থিতির জন্য তাঁদের তৈরি থাকতে হবে।

৩) বিজেপি শাসিত রাজ্যগুলিতে কী চলছে, তা মেনস্ট্রিম মিডিয়া দেখায় না। সঙ্গত কারণেই, অর্থাৎ তাদের শ্রেণি স্বার্থেই তা তারা দেখাবেও না। সোশ্যাল মিডিয়ার ইন্ডিপেন্ডেন্ট নিউজ চ্যানেলগুলো থেকে তথ্য সংগ্রহ করে বামপন্থীদের জানতে হবে এবং সাধারণ মানুষকে তা জানানোর ব্যবস্থা করতে হবে।

মাথায় রাখতে হবে, এর কোন বিকল্প নেই। এটা যদি বামপন্থীরা করতে ব্যর্থ হন, তাহলে তৃণমূলের প্রতি মানুষের যে ক্ষোভ যা আমাদের প্রচারের মাধ্যমে আরও শক্তিশালী হয়ে উঠছে, তা বিজেপির ঝুলিতে পৌঁছবে। এবং এটা হতে দেওয়া বামপন্থীদের জন্য আত্মহত্যার সামিল হয়ে উঠবে।

ফিলিস্তিন ও মতুয়াদের ভোটাধিকার হরণ যোগ করতে হবে।

মন্তব্যসমূহ

আলী হোসেনের বহুল-পঠিত উক্তিগুলো পড়ুন

ধর্মের নামে রাজনীতিই প্রমাণ করে আমরা মধ্যযুগীয়

ধর্মের নামে রাজনীতিই প্রমাণ করে আমরা মধ্যযুগীয় ভারতবর্ষে এখনও যে ধর্মের নামে রাজনীতি হয় বা হচ্ছে, তাতেই প্রমাণ হয় আমরা আধুনিক নয়, চিন্তায়-চেতনায় এখনো মধ্যযুগে বাস করি। কারণ, আধুনিক যুগের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। কোন জাতি, নিজেকে আধুনিক বলে দাবি করতে চাইলে, এই বৈশিষ্ট্যগুলো তাদের মধ্যে থাকা প্রয়োজন। এর মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো হল ধর্ম-মুক্ত রাজনীতি। পৃথিবীর যেখানে যেখানে রাজনীতি ধর্মমুক্ত হয়েছে, সেখানে সেখানে রাজনৈতিক হিংসা হানাহানি অনেক কমে গেছে। প্রতিষ্ঠিত হয়েছে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, যা আধুনিকতার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মধ্যপ্রাচ্যের দেশগুলোর দিকে তাকালেই বুঝতে পারা যায় ধর্মের সঙ্গে রাজনীতি সম্পর্কিত থাকলে কি ভয়ংকর রাজনৈতিক সংকট তৈরি হয়। বোঝা যায়, কীভাবে নিরবিচ্ছিন্ন অস্থিরতা ও রাজনৈতিক হিংসা এবং প্রতিহিংসার দাপটে একটা জাতি শতধাবিভক্ত হয়ে পড়ে। মূলত এ কারণেই, অসংখ্য ছোট ছোট, বলা ভালো ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত হয়ে পড়েছে সমগ্র মধ্যপ্রাচ্য। ফলে সাম্রাজ্যবাদী বৃহৎ রাষ্ট্রগুলোর নয়া সাম্রাজ্যবাদী নাগপাশ ...

ইতিহাস কী?

ইতিহাস কী? ইতিহাস হচ্ছে মানুষের তৃতীয় নয়ন। এই তৃতীয় নয়ন মানুষকে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বিষয়ে সঠিকভাবে পর্যবেক্ষণ করতে সাহায্য করে। এই পর্যবেক্ষণই জগত এবং জীবনের প্রকৃত সত্য উপলব্ধি করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। একজন মানুষ, জগত ও জীবন সম্পর্কে  প্রকৃত সত্য যতটা উপলব্ধি করতে পারেন, তিনি ততটাই শিক্ষিত বলে বিবেচিত হন। তাই ইতিহাস জানা এবং বোঝা ছাড়া একজন মানুষ পূর্ণাঙ্গ শিক্ষিত হয়ে উঠতে পারেন না। ইতিহাস কেন তৃতীয় নয়ন? একটা উদাহরণ নেওয়া যাক। সাম্প্রদায়িক দাঙ্গার কথা ধরুন। আমরা এই ঘটনাকে যখন প্রত্যক্ষ করি, তখন দেখি দুটি ভিন্ন ধর্মের মানুষ পরস্পর পরস্পরের বিরুদ্ধে সহিংস হয়ে উঠছে। আমরা খুব সহজেই এই ঘটনাকে ধর্মের সঙ্গে জুড়ে দিই এবং ধর্মকে এর কারণ হিসেবে চিহ্নিত করি। ধর্মীয় বিদ্বেষের ফল হিসেবে সেগুলোকে ব্যাখ্যা করি। কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গার ইতিহাসকে কার্যকারণ সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে ওঠা আধুনিক ও বিজ্ঞানসম্মত দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করলে দেখা যাবে, এই দাঙ্গাগুলোর পিছনে ধর্মের চেয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক উদ্দেশ্য খুবই শক্তিশালী ভূমিকায় রয়েছে। অর্থাৎ মূলত, ...

ধর্ম দিয়ে ধর্মান্ধতা দূর করা যায় না।

ধর্ম দিয়ে ধর্মান্ধতা দূর করা যায় না প্রাতিষ্ঠানিক ধর্ম দিয়ে ধর্মান্ধতা দূর করা যায় না। কারণ দুটোরই ভিত্তি হচ্ছে যুক্তিবিমুখ বিশ্বাস। তাই, কাঁটা দিয়ে কাঁটা তোলা হয়তো যায়। কিন্তু ধর্ম দিয়ে ধর্মান্ধতা দূর করা কখনই যায় না। একথা ভুলতে বসেছেন যাঁরা, তাঁরা নিজেদের প্রগতিশীল দাবি করতেই পারেন। কিন্তু মনে রাখতে হবে, এতে প্রগতিশীলতা গতিলাভ করে না বরং গতি হারায়। --------x------- Di Ansar Ali হ্যা, পরিস্থিতি অনুযায়ী সমঝোতা করতে হয়। কিন্তু মাথায় রাখতে হয়, তাতে আমার সত্যিই কোনো লাভ হচ্ছে কিনা। এবং তার অদূর ও সুদূরপ্রসারী ফলাফল প্রগতিশীল চিন্তাচেতনার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ। নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করাটা মোটেই যুক্তিযুক্ত নয় বলেই মনে হয়। কারণ, তাতে পরের যাত্রা হয়তো ভঙ্গ হয়, কিন্তু নিজের শরীরে ভয়ঙ্কর ভাইরাস কিংবা ব্যাকটেরিয়ার দখলদারি বেড়ে যেতে পারে। আমার মনে হয়, এই হিসাবটা ঠিকঠাক না করতে পারলে পরিস্থিতি অনুকূলে আসার পরিবর্তে প্রতিকূলে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। এক্ষেত্রে 'দশচক্রে ভগবান ভুত হওয়ার' বিষয়টিও মাথায় রাখার প্রয়োজন খুব বেশি বলেই আমি মনে করি। যারা প্রগতিশীল নয়, বলে এতদি...

বিজেপি ও আরএসএস কি আলাদা?

বিজেপি ও আরএসএস কি আলাদা? বিজেপি ও আরএসএস-এর রসায়ন সম্পর্কে সম্যক অবহিত আছেন, এমন মানুষদের সবাই জানেন বিজেপির সঙ্গে আরএসএস-এর গভীর সম্পর্কের কথা। এবং তাঁরা এটাও জানেন যে, আরএসএস দ্বারা বিজেপি নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। তাই এই দুই সংগঠনকে আপাতদৃষ্টিতে আলাদা মনে হলেও প্রকৃতপক্ষে এরা আলাদা নয়। বরং এরা একে অপরের পরিপূরক। বিস্তারিত দেখুন এখানে ক্লিক করে

বিজ্ঞান শিক্ষার পরিবর্তে ধর্মশিক্ষার প্রচলন ও তার পরিণতি

শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষার প্রভাব দেশের বড় বড় বিজ্ঞান শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে বেদ ও পুরাণসহ ধর্মশাস্ত্র পড়ানোর ধুম লেগেছে তাতে ভারতবর্ষ খুব তাড়াতাড়ি মধ্যপ্রাচ্যের দেশগুলোর মত অশিক্ষার কানাগলিতে ঢুকে যাবে। এভাবে চলতে থাকলে,বলা ভালো যেতে বাধ্য হবে। শিবপুর আই আই ই এস টি তে যেভাবে বেদ ও পুরাণ ভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তাতে এই আশঙ্কা প্রকট হয়ে উঠছে। সেই সঙ্গে গোলওয়ালকরের ছবি ও বই রেখে যেভাবে বিচ্ছিন্নতা ও সাম্প্রদায়িক মনোভাবাপন্ন মতাদর্শকে হাইলাইট করা হচ্ছে তাতে ভারতের ভবিষ্যত দুর্দশার রূপটি স্পস্ট হয়ে উঠছে। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন ফেসবুকে দেখুন এখানে ক্লিক করে